শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ সাইবার নিরাপত্তা এজেন্সির
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৮:২২ এএম
‘জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে’ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেকোনো বক্তব্য বা বিবৃতি প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)। সংস্থার জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এনসিএসএ বলেছে, দেশের কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমসহ অনলাইন নিউজ পোর্টালে দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়টি তারা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে। সংস্থাটির দাবি, প্রচারিত এসব বক্তব্যে সহিংসতা, বিশৃঙ্খলা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উসকানি বা নির্দেশনার উপাদান রয়েছে, যা সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫–এর বিধান অনুযায়ী দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামিদের বক্তব্য প্রচার করা নিষিদ্ধ। বিশেষ করে অধ্যাদেশের ধারা ৮(২)–এর উল্লেখ করে বলা হয়, দেশের অখণ্ডতা, নিরাপত্তা বা জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে- এমন ডিজিটাল কনটেন্ট অপসারণ বা ব্লক করার ক্ষমতা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রয়েছে।
এছাড়া ধারা ২৬(১) অনুযায়ী, ভুয়া পরিচয়ে বা অননুমোদিতভাবে প্রবেশ করে ঘৃণা, জাতিগত বিদ্বেষ বা সহিংসতা উসকে দেয়- এমন বক্তব্য প্রকাশ বা প্রচার করা দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে ধারা ২৬(২) অনুযায়ী সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।
এনসিএসএ বলেছে, সংস্থাটি সংবাদমাধ্যমের স্বাধীনতাকে সম্মান করে। তবে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের যে কোনো উসকানিমূলক, সহিংসতা–প্ররোচনামূলক বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী বক্তব্য প্রচার না করতে এবং আইনি দায়–দায়িত্ব বিবেচনা করতে গণমাধ্যমকে অনুরোধ জানানো হয়েছে।