জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছাল খালেদা জিয়ার মরদেহ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:২০ পিএম

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ কড়া নিরাপত্তার মধ্যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে। রাষ্ট্রীয় প্রোটোকল অনুসরণ করে লাল-সবুজের জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যানে করে তার মরদেহ বহন করা হয়। এ সময় সেনাবাহিনী হিউম্যান চেইন গড়ে তোলে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টা ৪৮ মিনিটে মরদেহবাহী ফ্রিজার ভ্যানটি সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছায়। এর আগে সকাল ১১টা ৫ মিনিটে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন থেকে মরদেহটি জাতীয় সংসদ ভবনের উদ্দেশে রওনা দেওয়া হয়।

এরও আগে সকাল ৮টা ৫৪ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশানে নেওয়া হয়। শুরুতে তার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার সিদ্ধান্ত থাকলেও পরে মরদেহটি তারেক রহমানের বাসায় নেওয়া হয়। সেখানে সকাল ১১টা ৫ মিনিট পর্যন্ত পরিবারের সদস্য, স্বজন এবং বিএনপির নেতাকর্মীরা শেষবারের মতো শ্রদ্ধা জানান।

বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা শেষে তাকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের প্রতিনিধিরা ঢাকায় আসছেন বলে জানা গেছে।

জানাজা ও দাফন অনুষ্ঠান নির্বিঘ্ন করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সরকার ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ উপলক্ষে বুধবার সারা দেশে সাধারণ ছুটি পালন করা হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970