খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে পঞ্চম দিনেও মানুষের ঢল

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফনের পঞ্চম দিনেও তার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসছেন বিএনপির নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ। রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে সকাল থেকেই দেখা গেছে মানুষের দীর্ঘ সারি।

রোববার (৪ জানুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসছেন। এ সময় তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নিচ্ছেন।

শ্রদ্ধা জানাতে আসা অনেকেই বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্র ও জাতীয় সার্বভৌমত্বের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার নেতৃত্ব ও আন্দোলন দেশের রাজনীতিতে গভীর প্রভাব রেখে গেছে। তাদের মতে, মৃত্যুর পাঁচ দিন পরও মানুষের এই উপস্থিতি তার জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততারই প্রমাণ।

এদিকে শ্রদ্ধা নিবেদন ঘিরে জিয়া উদ্যানে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। শান্তিপূর্ণ পরিবেশেই চলছে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও ৩০ ডিসেম্বর ভোর ৬টার দিকে তিনি মারা যান। পরদিন বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর বিকেল সাড়ে ৪টার দিকে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে, শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে তাকে সমাধিস্থ করা হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970