বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রশিবিরের জয়, এটি গবেষণার বিষয়: মির্জা ফখরুল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:২৭ পিএম
বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের বিজয় এবং তাদের জনপ্রিয়তার কারণকে ‘গবেষণার বিষয়’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদল কার্যকরভাবে কাজ করতে পারেনি।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন জাতীয় রাজনীতিতে বা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলেই তিনি মনে করেন।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, বিএনপি নেতাকর্মীদের হত্যার ঘটনায় সরকার কার্যকর ভূমিকা রাখছে না। এসব ঘটনার প্রেক্ষিতে সরকারকে আরও দায়িত্বশীল ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের সফর প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, এটি তারেক রহমানের একটি ব্যক্তিগত সফর। দীর্ঘদিন পর দেশে ফিরে তিনি দিনাজপুরে তার নানির কবর জিয়ারত করবেন এবং ঠাকুরগাঁওয়ে জুলাই শহিদদের কবর জিয়ারত শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে অংশ নেবেন।
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ২১টি পদের মধ্যে ভিপি, জিএস ও এজিএসসহ মোট ১৬টি পদে জয় পেয়েছে ছাত্রশিবির-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য প্যানেল’। অন্যদিকে ছাত্রদল-সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল চারটি এবং একজন স্বতন্ত্র প্রার্থী একটি পদে বিজয়ী হয়েছেন।