নেতাকর্মীরা প্রতারণা না করলে আমার জয় নিশ্চিত: মির্জা আব্বাস
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১০:১৯ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দলীয় নেতাকর্মীরা যদি কোনো ধরনের প্রতারণায় জড়িত না হন, তাহলে নির্বাচনে তার জয় নিশ্চিত।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, একটি চক্র পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তবে কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় দেওয়া হবে না। যেখানে ষড়যন্ত্র হবে, সেখানেই তা প্রতিহত করা হবে। তিনি দলীয় নেতাকর্মীদেরও উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, গণতন্ত্র ও সুষ্ঠু ভোটের জন্য বেগম খালেদা জিয়া আজীবন আপসহীন সংগ্রাম করেছেন। তার জানাজায় লাখো মানুষের উপস্থিতি প্রমাণ করে জনগণের ভালোবাসা ও সম্মান। জীবনের শেষ সময়ে কারাবন্দি অবস্থায় নানা নির্যাতনের শিকার হলেও তার আদর্শ ও জনপ্রিয়তা কেউ কেড়ে নিতে পারেনি।
আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, তাদের দেশে আসতে দেওয়া হবে না, কেউ আনার চেষ্টা করলে দেশের মানুষই তা প্রতিহত করবে।
তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক ও সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের উসকানি বা সংঘাতে জড়ানো যাবে না। মির্জা আব্বাস দাবি করেন, সারাদেশে বিএনপির পক্ষে যে জনসমর্থনের ঢল নেমেছে, তাতে দলটি ছাড়া অন্য কোনো রাজনৈতিক শক্তিকে জনগণ গ্রহণ করছে না। বর্তমান পরিস্থিতিতে বিএনপিই নির্বাচনে বিজয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।