কোটিপতি তাহেরীর আয়ের উৎস ব্যাংক আমানতের সুদ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১০:৫৫ এএম

ছবি: সংগৃহীত

হবিগঞ্জ-৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী ও আলোচিত বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরীর মোট সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তার আয়ের প্রধান উৎস ব্যবসা, কৃষি এবং ব্যাংক আমানতের সুদ।

হলফনামায় তাহেরী উল্লেখ করেন, তার ওপর নির্ভরশীল কোনো ব্যক্তি কিংবা স্ত্রীর নামে কোনো সম্পদ নেই। এমনকি স্ত্রীর নামে স্বর্ণালংকার বা নগদ অর্থও নেই বলে তিনি উল্লেখ করেছেন।

দাখিল করা তথ্যে দেখা যায়, তাহেরীর অস্থাবর সম্পদের মধ্যে কৃষি খাত থেকে বছরে আয় ২৬ হাজার ৪০০ টাকা, ব্যবসা থেকে আয় ৭ লাখ ৯১ হাজার টাকা এবং ব্যাংক আমানতের সুদ থেকে বছরে আয় ২২ হাজার ৮৯২ টাকা। তার হাতে নগদ অর্থ রয়েছে ৪১ হাজার ২৮৬ টাকা এবং ব্যাংকে জমা আছে ৭ লাখ ৬৩ হাজার ৬০৬ টাকা। এছাড়া ৩১ ভরি স্বর্ণ রয়েছে, যার মূল্য ধরা হয়েছে ৬ লাখ টাকা। আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে ৫ লাখ টাকা। এসব মিলিয়ে তার মোট অস্থাবর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ লাখ ৪ হাজার ৮৯২ টাকা।

হলফনামায় আরও বলা হয়, তাহেরীর স্থাবর সম্পদের মধ্যে কৃষিজমির মূল্য দেখানো হয়েছে ১ কোটি ৩২ লাখ ৩৯ হাজার টাকা, যার বর্তমান বাজারমূল্য ধরা হয়েছে ১ কোটি ৬০ লাখ ৩৯ হাজার টাকা। স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার ৮৯২ টাকা।

তাহেরী পেশায় একজন ব্যবসায়ী এবং তার স্ত্রী গৃহিণী। সম্পদের সবকিছুই তার নিজের নামে রয়েছে; স্ত্রী বা নির্ভরশীলদের নামে কোনো সম্পদ, স্বর্ণ, গহনা কিংবা নগদ অর্থ নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

হলফনামার তথ্যমতে, তাহেরীর বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামে। হবিগঞ্জের মাধবপুরে তার শ্বশুরবাড়ি হওয়ায় তিনি ওই আসন থেকে প্রার্থী হয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে, যেগুলো বর্তমানে বিচারাধীন। ২০২৪ সালের ৫ আগস্টের পর এসব মামলা দায়ের করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970