ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলকে টাকার মালা দিয়ে বরণ করলেন সমর্থকরা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১২:৩২ এএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে টাকার মালা উপহার দিয়ে বরণ করেছেন তার সমর্থকরা। নির্বাচনি গণসংযোগে উচ্ছ্বসিত সমর্থকদের এমন ব্যতিক্রমী উপস্থিতি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার নির্বাচনি এলাকার সালন্দর ও বালিয়া ইউনিয়নে পৃথক দুটি গণসংযোগে অংশ নেন মির্জা ফখরুল। এ সময় সমর্থকরা ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে তার গলায় টাকার মালা পরিয়ে দেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন এবং ইসলামী আন্দোলনের প্রার্থী খাদেমুল ইসলাম।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী জানান, বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কালিতলা এলাকায় গণসংযোগকালে সমর্থকরা মির্জা ফখরুলকে টাকার মালা দিয়ে বরণ করেন। পরে সন্ধ্যায় বালিয়া ইউনিয়নে আরেকটি গণসংযোগেও একইভাবে তাকে শুভেচ্ছা জানানো হয়।

পয়গাম আলী বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ এলাকার অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। শিশু থেকে বৃদ্ধ—সব বয়সের মানুষের কাছে তিনি প্রিয়। সমর্থকরা ভালোবেসে তাকে টাকার মালা উপহার দিয়েছেন, যা ভালোবাসারই বহিঃপ্রকাশ।”

কালিতলা এলাকার বাসিন্দা নাসরিন আক্তার বলেন, “মির্জা ফখরুল শুধু ঠাকুরগাঁওয়ের নেতা নন, তিনি পুরো দেশের একজন জনপ্রিয় নেতা। এমন একজন নেতার জন্ম আমাদের জেলায় হয়েছে—এটি আমাদের জন্য গর্বের।”

গণসংযোগকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমি আপনাদের পরিচিত মানুষ। অতীতেও আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব। আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে জেলার উন্নয়ন ও বেকার সমস্যা সমাধানে কাজ করব।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970