চা-এর দাওয়াত পেয়ে মির্জা আব্বাসের বাসায় মেঘনা আলম
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৪ পিএম
ঢাকা-৮ আসনের নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী হলেও বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের চায়ের দাওয়াতে তার বাসভবনে দেখা করেছেন আলোচিত মডেল ও গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে শাহজাহানপুরের মির্জা আব্বাসের বাসায় এই সৌজন্য সাক্ষাৎ ও চা-চক্র অনুষ্ঠিত হয়।
মেঘনা আলমের নির্বাচনী প্রচারণার সমন্বয়ক তাহরিন জেরিন জানান, হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের আমন্ত্রণ গ্রহণ করেছেন মেঘনা। তবে ভোটের ঠিক আগে এই বৈঠকের কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা ঘোষণা জানানো হয়নি।
সৌজন্য সাক্ষাতের পর মেঘনা আলম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। এছাড়া একাধিক ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে দুই প্রার্থীকে একই টেবিলে বসে হাসিখুশি আলাপচারিতা করতে দেখা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী প্রচারের ব্যস্ত সময়েও এই ধরনের বৈঠক সাধারণ সৌজন্য হিসেবে নেওয়া যায় না। তারা মনে করছেন, এটি সম্ভবত কোনো কৌশলগত পরিকল্পনার অংশ হতে পারে।