সমর্থন ছিল বলে বিএনপি জনগণকে রেখে চলে যায়নি: তারেক রহমান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১২ পিএম
বিএনপি জনগণের সমর্থন নিয়েই রাজনীতি করে এসেছে এবং কখনো দেশের মানুষকে ছেড়ে যায়নি—এমন মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের সমর্থন ছিল বলেই বিএনপি সব সময় দেশের মাটি ও মানুষের পাশে থেকেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, বিএনপির দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলটি রাষ্ট্র পুনর্গঠনের উদ্যোগ নিতে চায়। দেশের মানুষের বিএনপির কাছে অনেক প্রত্যাশা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এসব প্রত্যাশা পূরণে দলীয়ভাবে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান বিএনপি চেয়ারম্যান।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্বৈরাচারী শাসনামলে দেশত্যাগের প্রস্তাব দেওয়া হলেও খালেদা জিয়া কখনো দেশ ছেড়ে যাননি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দেশের মাটিতেই ছিলেন এবং জনগণকে ছেড়ে যাননি। তারেক রহমান বলেন, বিএনপির নেতাকর্মীদেরও শেষ ঠিকানা এই দেশই।
তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে—জনগণই তাদের রাজনৈতিক শক্তির মূল উৎস। দল গঠনের শুরু থেকেই জনগণের সমর্থন বিএনপির সঙ্গে ছিল। সে কারণেই বিএনপি কখনো জনগণকে ফেলে চলে যায়নি।
পথসভায় তারেক রহমান প্রবাসে যেতে আগ্রহীদের জন্য বিশেষ উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি বলেন, বিদেশে যেতে গিয়ে যেন কাউকে জমিজমা বিক্রি করতে না হয়, সে জন্য সরকারিভাবে দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে। প্রবাসে গিয়ে আয় করা অর্থ দিয়ে পরে সেই ঋণ পরিশোধের সুযোগ থাকবে।
এ ছাড়া দেশের তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে সারা দেশে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। এর মাধ্যমে তরুণরা দেশে ও বিদেশে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ পাবে এবং এতে বেকারত্ব কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি চেয়ারম্যান।