ভোটকেন্দ্রে ঝামেলা করলে ঠিকানা হাসপাতালে হবে: সারজিস আলম
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৯ পিএম
পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ভোটকেন্দ্রে কারচুপি বা ঝামেলা করলে তার ঠিকানা হবে হাসপাতাল। তিনি সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এই হুঁশিয়ারি দেন।
সারজিস আলম বলেন, “এই দেশের মানুষ এক যুগেরও বেশি সময় ধরে রাতের নির্বাচন, ভোট চুরি ও ডামি নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। রাজনৈতিক দলগুলোও নিপীড়িত হয়ে বিশ্বাস হারিয়ে ফেলেছিল। তবে তরুণ প্রজন্মের নেতৃত্বে অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক দলগুলো পুনরায় মুক্তি পায়। সেই বীর ও শহীদদের আমরা স্মরণ করছি।”
তিনি ভোটারদের সতর্ক করে বলেন, “আপনাদের ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। কেউ যেন ভোটকেন্দ্রে কারচুপি করতে না পারে। কেউ যদি ঝামেলা করতে আসে, তার ঠিকানা হবে হাসপাতাল।”
সারজিস আলম বলেন, পঞ্চগড়ের স্বাস্থ্যসেবাকে আধুনিকায়ন করা হবে। আড়াইশ শয্যার হাসপাতালকে পূর্ণাঙ্গভাবে চালু করা হবে এবং একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। এছাড়া শ্রমিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন করা হবে।
জনসভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, খেলাফত মজলিসের আমির হাফেজ মীর মোর্শেদ তুহিন, ও অন্যান্য ১১ দলীয় জোটের নেতা-কর্মীরা। সভার সঞ্চালনা করেন নাসির উদ্দিন সরকার এবং সভাপতিত্ব করেন জেলা এনসিপির আহ্বায়ক এবিএম জুলফিকার আলম নয়ন।