অপপ্রচারের শিকার ইসলামী আন্দোলন বাংলাদেশ: চরমোনাই পীর

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৫:০২ পিএম

ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশ অপপ্রচারের শিকার বলে মন্তব্য করেছেন দলের আমির ও চরমোনাই পীর মুফতি মুহাম্মাদ রেজাউল করীম। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ‘কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে নারী সমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


চরমোনাই পীর বলেন, “যারা মিথ্যাকে সত্য করতে চায়, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। ২০১৪ সালের জাতীয় নির্বাচনে আমরা অংশগ্রহণ না করলেও বিএনপির অনেক নেতা আজও মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। এখন স্পষ্ট যে মিথ্যা বলাই তাদের চরিত্রের অংশ হয়ে গেছে।”
স্বাধীনতার পর থেকে যারা দেশ শাসন করেছে, তারা বারবার বাংলাদেশকে দুর্নীতির শীর্ষে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি। রেজাউল করীম বলেন, “স্বাধীনতার পর থেকে সরকারগুলো দেশকে ‘চোরের দিক থেকে চ্যাম্পিয়ন’ করেছে। দেশের অর্থ বিদেশে পাচার করে কানাডাসহ বিভিন্ন দেশে ‘বেগমপাড়া’ গড়ে তুলেছে। তারা দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করে আন্তর্জাতিকভাবে লজ্জার মুখে ফেলেছে।”
তিনি আরও বলেন, জনগণের প্রতিবাদের কারণেই ফ্যাসিবাদের পতন ঘটেছে, আর এই অনাচার ও দুর্নীতির মূল কারণ হলো আল্লাহর আইন পরিত্যাগ করে মানুষের বানানো আইন চালু করা। তাঁর দাবি, “৫ আগস্টের পর দেশে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার একটি সুযোগ সৃষ্টি হয়েছে। ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
সেমিনারে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক উপকমিটির আহ্বায়ক মাওলানা এ বি এম জাকারিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্যসচিব মুফতি মোস্তফা কামাল।এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা ইউনিট, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ বিভিন্ন থানার সহস্রাধিক নারী নেত্রী উপস্থিত ছিলেন।সেমিনারে আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ও মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ প্রমুখ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970