ডাকসু নেতাদের ওপর হামলা, দুঃখপ্রকাশ করে যা বললেন ছাত্রদল সভাপতি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে দুঃখপ্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। একই সঙ্গে এ ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের জনতা উসকে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাতে শাহবাগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, শাহবাগ থানার ভেতরে ও বাইরে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তার জন্য তিনি ব্যক্তিগতভাবে দুঃখিত। তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বান জানিয়ে লোকজনকে শাহবাগে ডাকা হয়েছে এবং একটি উসকানিমূলক প্রচারণা চালানো হয়েছে, যা পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে।

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনায় তাদের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হওয়া অস্বাভাবিক নয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

ছাত্রদল সভাপতি বলেন, থানায় যাকে অভিযুক্ত করা হয়েছে, তাকে ঘিরে অবস্থান নেওয়া ও স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু যারা পরে আহত হয়েছেন, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বান জানিয়ে সেখানে গিয়ে আবারও জনতা জড়ো করার চেষ্টা করেছেন বলে দাবি করেন তিনি। এ ধরনের পরিস্থিতি এড়িয়ে চলার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান রাকিব।

সাংবাদিকদের বিষয়ে তিনি বলেন, যারা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয়েছেন, তাদের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ক্যাম্পাসভিত্তিক কোনো কমিটি প্রকাশ না করার পেছনে একটি কারণ রয়েছে। তার দাবি, কিছু পক্ষ পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে বারবার জনতা জড়ো করার চেষ্টা করছে। এ ধরনের রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান বাস্তবতায় এ ধরনের পরিস্থিতি তৈরি করা কোনোভাবেই কাম্য নয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970