চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গুজবে কান না দেওয়ার অনুরোধ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ পিএম

ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। একইসঙ্গে তিনি খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ডা. জাহিদ হোসেন জানান, গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে করা পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। পরে তার অবস্থা কিছুটা সংকটময় হওয়ায় বিএনপির পক্ষ থেকে তা প্রকাশ করা হয়। এরপর গত ২৭ নভেম্বর থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার নেতৃত্বে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা পরিচালনা করছে।

এদিকে, হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধান ফটকের সামনে দুই দিকের ব্যারিকেড ও পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তি ও রোগীর পরিবারকে হাসপাতালের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। পুলিশ সূত্র জানায়, রাত ২টার দিকে ফটকের সামনে ব্যারিকেড বসানো হয় এবং আশপাশে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্র আরও জানিয়েছে, রোগী ও পরিবারের সদস্যদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করতে পুলিশের বিশেষ তৎপরতা চলছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970