জামিনে মুক্তি পেলেন বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:৪৬ পিএম
পুলিশ নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় দায়ের করা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা নেতা মাহদী হাসান জামিনে মুক্তি পেয়েছেন। আদালত ২০০ টাকা মুচলেকায় তাকে জামিন দেন।
রোববার (৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে তাকে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নানের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার একটি বাসা থেকে ডিবি পুলিশের পরিচয়ে মাহদী হাসানকে আটক করা হয়। পরে শায়েস্তাগঞ্জ থানায় পুলিশের কাজে বাধা দেওয়া এবং সরকারি কাজে নিয়োজিত কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় আরও ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
হবিগঞ্জের সিনিয়র আইনজীবী আব্দুল মজিদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহদী হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব। তিনি হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী এবং সদর উপজেলার ভাদৈ এলাকার বাসিন্দা।
তার আটকের খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মাহদী হাসানের মুক্তির দাবিতে হবিগঞ্জ সদর মডেল থানার সামনে জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে সেনাবাহিনী, র্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তিকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় শায়েস্তাগঞ্জ থানার ভেতরে মাহদী হাসানের সঙ্গে থানার ওসির বাগ্বিতণ্ডা হয়। এ সময় প্রশাসনবিরোধী ও হুমকিমূলক বক্তব্যের অভিযোগ ওঠে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।