পুলিশের সামনে সালিশে বিএনপি নেতার পিটুনিতে বৃদ্ধার মৃত্যু
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৭:৪২ পিএম
বরিশালের মেহেন্দিগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে পুলিশের উপস্থিতিতে অনুষ্ঠিত সালিশ বৈঠকে মারধরের ঘটনায় খোরশেদ আলম সিকদার (৫৭) নামে এক ট্যানারি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
রোববার বিকেলে মেহেন্দিগঞ্জ পৌরসভার চরহোগলা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্থানীয় বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন হাওলাদারকে ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া।
নিহত খোরশেদ আলম সিকদার চরহোগলা এলাকার বাসিন্দা এবং ঢাকায় ট্যানারি শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন তোতা সিকদার, রাকিব সিকদার, মোকেছদ সিকদার ও টুম্পা বেগম।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণকাজের বকেয়া টাকা নিয়ে ঠিকাদার ও রাজমিস্ত্রি জাহাঙ্গীর হোসেন হাওলাদারের সঙ্গে খোরশেদ আলমের বিরোধ চলছিল। এ নিয়ে রোববার বিকেল ৩টার দিকে পুলিশের উপস্থিতিতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।
সালিশ চলাকালে বাকবিতণ্ডার একপর্যায়ে জাহাঙ্গীর ও তার সহযোগীরা খোরশেদ আলমকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় তার পরিবারের আরও চার সদস্য আহত হন।
ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহাঙ্গীর হোসেন হাওলাদারকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহিন লিটন ও সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।