আমাকে যারা চেনেনি তারা এখনও মাটির নিচে বসবাস করে: শাহজাহান চৌধুরী
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:০৫ পিএম
আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর আরেকটি বিতর্কিত বক্তব্য ফের ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এর আগে নির্বাচনী প্রশাসনকে “নিজদের নিয়ন্ত্রণে নেওয়া” নিয়ে দেওয়া বক্তব্যে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এবারও তার কথাবার্তা ঘিরে নতুন করে সমালোচনা শুরু হয়েছে।
সাম্প্রতিক ভাইরাল ভিডিওতে শাহজাহান চৌধুরীকে বলতে শোনা যায়, “আল্লাহর ওয়াস্তে বাড়াবাড়ি করিয়েন না। আমার নাম শাহজাহান চৌধুরী। আমাকে যারা চেনেনি তারা এখনও মাটির নিচে বসবাস করে। খবরদার, খবরদার, খবরদার। আমি চোখ তুলে দেখতেছি—আমার জন্য আল্লাহ আছে। আল্লাহ মেহেরবানি, আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহ আমাকে এমন মর্যাদা দিয়েছেন।”
চট্টগ্রাম জামায়াতের কয়েকজন নেতা নিশ্চিত করেছেন, গত ১৩ নভেম্বর সাতকানিয়ার চরতি ইউনিয়নের তুলাতলী এলাকায় গণসংযোগে অংশ নিয়ে এই বক্তব্য দেন তিনি। তবে ভিডিওটি সম্প্রতি ছড়িয়ে পড়ায় বিষয়টি আবার আলোচনায় আসে।
বক্তব্যে তিনি আরও বলেন, “চুদুর বুদুর (উল্টাপাল্টা) করিও না। লুলা হয়ে যাবে। আমি যদি চোখের পানি ফেলি, লুলা হয়ে যাবে। আমি অনেক কষ্ট পয়েছি—১৮ বছরের মধ্যে ৯ বছর জেল খেটেছি। আমি টাকাপয়সা চাই নাই। আপনাদের দুয়ারে এসেছি দোয়া চাইতে।”
তিনি চরতি এলাকার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, এটি তার শায়েখ ওস্তাদ মাওলানা মমিনুল হক চৌধুরীর জন্মস্থান বলেই তিনি এলাকাটিকে বিশেষ সম্মান করেন। তার দাবি, “এখানে কোনো রাজনীতি নাই, কোনো ভিন্ন মার্কা নাই—সাতকানিয়া-লোহাগাড়ার মার্কা একটাই, দাঁড়িপাল্লা।”
এর আগে গত ২২ নভেম্বর জামায়াতের চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বশীল ব্যক্তিদের সমাবেশে নির্বাচনী প্রশাসনকে “কব্জায় আনার” বক্তব্য দিয়ে সমালোচনার ঝড় তোলেন শাহজাহান চৌধুরী। বক্তব্যটি ভাইরাল হলে কেন্দ্রীয় জামায়াত তাকে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নোটিশ দেয়। সন্তোষজনক ব্যাখ্যা না পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।