গ্রোকের বিরুদ্ধে 'যৌন হয়রানি'র মামলা করলেন মাস্কের সন্তানের মা!
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১২:০৫ এএম
মার্কিন টেক উদ্যোক্তা ইলন মাস্কের চ্যাটবট গ্ৰোকের বিরুদ্ধে যৌন হয়রানিমূলক ডিপফেক ছবি তৈরির অভিযোগে মামলা দায়ের করেছেন তার এক সন্তানের মা, অ্যাশলে সেন্ট ক্লেয়ার। মামলা করা হয়েছে নিউইয়র্কের আদালতে।
২৭ বছর বয়সী লেখিকা ও রাজনৈতিক কৌশলবিদ সেন্ট ক্লেয়ার অভিযোগ করেছেন, মাস্কের চ্যাটবট গ্ৰোক ব্যবহার করে তার আপত্তিকর ও বিকৃত ছবি তৈরি করা হয়েছে। এর ফলে তিনি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়ার পাশাপাশি মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন। তার দাবি অনুযায়ী, চ্যাটবটটি তার শৈশবের সাধারণ ছবিকে বিকৃতভাবে উপস্থাপন করেছে এবং প্রাপ্তবয়স্ক অবস্থার ছবিতেও আপত্তিকর চিহ্ন ও ভঙ্গিমা যুক্ত করেছে।
মামলার বিবরণে জানা যায়, সেন্ট ক্লেয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অভিযোগ করেছিলেন। এক্স প্রথমে জানিয়েছিল যে ছবিগুলো তাদের নীতিমালা লঙ্ঘন করেনি। পরবর্তীতে তারা ছবিগুলো সরানোর প্রতিশ্রুতি দিলেও তার অ্যাকাউন্টের প্রিমিয়াম সাবস্ক্রিপশন ও ভেরিফিকেশন মার্ক সরিয়ে এক ধরনের প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। ঘটনার পর থেকে ১০ লাখ অনুসারী থাকা এই লেখিকা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এক্সএআই এই অভিযোগগুলো সরাসরি অস্বীকার করেছে এবং সংবাদমাধ্যমে জানিয়েছে যে এটি অপপ্রচার। তবে সংস্থাটি জানিয়েছে, তারা গ্ৰোক চ্যাটবটে পরিবর্তন আনছে যাতে কোনো বাস্তব ব্যক্তির অনুমতিহীন এবং আপত্তিকর ছবি তৈরি না হয়।
ঘটনার প্রভাব ইতিমধ্যেই আন্তর্জাতিক হয়েছে। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো গ্ৰোকের ব্যবহার নিষিদ্ধ করেছে। অন্যদিকে, মাস্কের কোম্পানি টেক্সাসের আদালতে সেন্ট ক্লেয়ারের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেছে। তাদের দাবি, সেন্ট ক্লেয়ার ব্যবহারের শর্তাবলি লঙ্ঘন করে ভুল স্থানে মামলা দায়ের করেছেন।