৭০০ কোটি টাকারও বেশি দামে বিক্রি হলো এআই ডোমেইন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২১ এএম
ডোমেইন নাম বিক্রির ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন হয়েছে। জনপ্রিয় ডোমেইন ‘AI.com’ বিক্রি হয়েছে রেকর্ড ৭ কোটি ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৭০০ কোটি টাকারও বেশি। ডোমেইনটি কিনেছেন বিশ্বখ্যাত ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ক্রিপ্টো ডটকমের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস মারসালেক।
বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে নিজের শক্ত অবস্থান তুলে ধরতেই এত বড় অঙ্কের বিনিয়োগ করেছেন মারসালেক। এ বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
ক্রিস মারসালেক জানিয়েছেন, ভবিষ্যতে AI.com-কে একটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে। এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য একটি ব্যক্তিগত ‘এআই এজেন্ট’ হিসেবে কাজ করবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বার্তা আদান-প্রদান, বিভিন্ন অ্যাপ ব্যবহারের পাশাপাশি শেয়ারবাজারে লেনদেনের সুবিধাও যুক্ত করা হতে পারে।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত বছরই ডোমেইনটি কেনার সুযোগ আসে। তখন তিনি দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা ভাবেন। তার মতে, আগামী ১০ থেকে ২০ বছরে এআই প্রযুক্তি মানুষের জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আনবে। তিনি বিশ্বাস করেন, কৃত্রিম বুদ্ধিমত্তাই হতে যাচ্ছে এই সময়ের সবচেয়ে বড় প্রযুক্তিগত বিপ্লব।
ডোমেইনটির দাম নিয়ে সরাসরি মন্তব্য না করলেও, চুক্তির মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ‘গেটইউরডোমেইন ডটকম’-এর প্রতিনিধি ল্যারি ফিশার ৭ কোটি ডলারের এই লেনদেনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুরো অর্থই একজন অজ্ঞাত বিক্রেতাকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পরিশোধ করা হয়েছে। তার দাবি, প্রকাশ্যে জানা ডোমেইন বিক্রির মধ্যে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় অঙ্কের চুক্তি।
উল্লেখ্য, ২০১৬ সালে ক্রিস মারসালেক ক্রিপ্টো ডটকম প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রতিষ্ঠানটির বার্ষিক আয় প্রায় দেড় বিলিয়ন ডলারে পৌঁছেছে।