হাদির মৃত্যুর প্রতিবাদ জানাতে শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ এএম

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগে জড়ো হতে শুরু করেছেন ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে ও স্বতঃস্ফূর্তভাবে শাহবাগে এসে জড়ো হন বিক্ষুব্ধরা।

সকাল সাড়ে ৮টার দিকে শাহবাগ এলাকায় সরেজমিনে দেখা যায়, হাতে জাতীয় পতাকা ও ব্যানার নিয়ে স্লোগানে স্লোগানে মুখর করে তুলছেন আন্দোলনকারীরা। ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘এই বাংলায় আওয়ামী লীগের আস্তানা হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’—এমন নানা স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ চত্বর।

শনিরআখড়া থেকে আসা মাদ্রাসার শিক্ষার্থী আশফাকুর রহমান বলেন, আমরা একজন সাচ্চা দেশপ্রেমিককে হারিয়েছি। রাতে ঘুমাতে পারিনি। প্রতিবাদ জানাতে সকালেই শাহবাগে চলে এসেছি। ওসমান হাদির মতো সাহসী মানুষকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত।

রামপুরা থেকে আসা ইমরুল কায়েস বলেন, ওসমান হাদির মৃত্যু পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। আমরা শোককে শক্তিতে পরিণত করব। হাদি ভাইয়ের হত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ঢাকা জুড়ে উত্তেজনাকর ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় আততায়ীর গুলিতে গুরুতর আহত হন। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকায় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। দীর্ঘ চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970