শাহবাগের নাম ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ পিএম
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ উত্তাল হয়ে উঠেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর থেকে হাজারো ছাত্র-জনতা শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।
বিকেলে শাহবাগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম ঘোষণা দেন, এখন থেকে শাহবাগের নাম হবে ‘শহীদ ওসমান হাদি চত্বর’।
ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলনকারীরা ঘরে ফিরে যাবেন না। একই সঙ্গে তিনি ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ সময় ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, হাদির মৃত্যুর ঘটনায় যারা জড়িত, তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের বিচার আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এরপর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতা বিক্ষোভে ফেটে পড়ে।
জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। পরে ঢাকা ও সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।