স্ত্রীকে নিয়ে নেপাল থেকে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার ‘পিচ্চি রাজা’

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:৪১ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকার আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে পরিচিত ‘পিচ্চি রাজাকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। স্ত্রীকে সঙ্গে নিয়ে নেপাল থেকে দেশে ফেরার পরপরই আগে থেকে ওত পেতে থাকা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা। তিনি জানান, গ্রেপ্তারের পর পিচ্চি রাজাকে জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় নেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, পিচ্চি রাজা তার স্ত্রী ও শ্যালককে নিয়ে নেপাল থেকে ঢাকায় ফিরছেন—এমন গোপন তথ্য পায় আইনশৃঙ্খলা বাহিনী। এরপরই বিমানবন্দর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিমান থেকে নামার পরপরই তাকে এবং তার সহযোগীদের আটক করে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, রাজধানীর বিভিন্ন থানায় পিচ্চি রাজার বিরুদ্ধে ২৫ থেকে ২৭টি মামলা রয়েছে। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে তিনি রাজধানীতে বড় মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতেও ছিলেন।

এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় তার আস্তানা থেকে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছিল পুলিশ। পরে জামিনে বের হয়ে আবারও অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি।

পুলিশের ধারণা, পিচ্চি রাজাকে পুনরায় গ্রেপ্তারের মাধ্যমে রাজধানীর মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970