একলাফে ৫৩ টাকা বাড়ল এলপি গ্যাস সিলিন্ডারের দাম
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৮:৪১ পিএম
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম আবারও বাড়ানো হয়েছে। জানুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (৪ জানুয়ারি) বিইআরসি নতুন এ মূল্য ঘোষণা করে। সংস্থাটি জানিয়েছে, রোববার সন্ধ্যা ৬টা থেকেই নতুন নির্ধারিত দাম কার্যকর হবে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, জানুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের আগের দাম ১ হাজার ২৫৩ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা করা হয়েছে।
এর আগে গত ২ ডিসেম্বর সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।
একইসঙ্গে জানুয়ারি মাসের জন্য অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। ভোক্তা পর্যায়ে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে মূসকসহ অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২ ডিসেম্বর অটোগ্যাসের দাম ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে মূসকসহ প্রতি লিটার ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছিল।