সারাদেশে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১০:১০ এএম
সারাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি চলবে।
বুধবার (৭ জানুয়ারি) সমিতির পক্ষ থেকে জারি করা এক নোটিশে জানানো হয়, আগামী ৮ জানুয়ারি থেকে তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারাদেশে এলপিজি বিপণন ও সরবরাহ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। একই সঙ্গে সব কোম্পানির প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রমও স্থগিত রাখা হবে।
এর আগে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন দাবি তুলে ধরেন এলপিজি ব্যবসায়ীরা। সেখানে তারা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ করে দেওয়া হবে। দাবি আদায় না হওয়ায় সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সমিতির নেতারা বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক এলপিজি সিলিন্ডারের দাম নতুন করে সমন্বয় করা জরুরি। পাশাপাশি প্রশাসনের মাধ্যমে পরিবেশকদের হয়রানি ও অযৌক্তিক জরিমানা বন্ধের দাবিও জানান তারা। তাদের অভিযোগ, বর্তমান নির্ধারিত দামে এলপিজি বিক্রি করে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে।
সমিতির পক্ষ থেকে আরও জানানো হয়, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে এই সরবরাহ বন্ধের সিদ্ধান্ত বহাল থাকবে। এতে করে সাধারণ ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে এলপিজি সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।