বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে, মূল্য বৃদ্ধি নিয়ে শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪০ পিএম

ছবি: সংগৃহীত

বাজারে নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং রমজান মাসে মূল্যবৃদ্ধি নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে দুই দিনের সফরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “বাণিজ্য মন্ত্রণালয়ের মূল কাজ হলো নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা। আমাদের হাতে পর্যাপ্ত সরবরাহ রয়েছে যা বাজারে মূল্য স্থিতিশীল রাখতে সক্ষম।” তিনি আরও জানান, দেশের রফতানি প্রবৃদ্ধিতে গত চার–পাঁচ মাসে কিছু নেতিবাচক প্রভাব পড়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় রফতানি বিস্তার, এক্সপোর্ট বাসকেট সম্প্রসারণ এবং নতুন পণ্যের বৈচিত্র্য আনা এখন সময়ের বড় বিষয়।

নিজের নির্বাচনী অঙ্গীকার স্মরণ করে মন্ত্রী বলেন, সিলেটকেন্দ্রিক কর্মসংস্থান বৃদ্ধি ও বিনিয়োগ আকৃষ্ট করাই তার মূল লক্ষ্য। বিশেষ করে দেশীয় ও প্রবাসী বিনিয়োগকারীদের উৎসাহিত করার জন্য নীতিগত সহায়তা নিশ্চিত করার কাজ চলছে।

মুক্তাদির জানিয়েছেন, আগামী পাঁচ বছরে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নসহ সিলেটের মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং এআই সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, ২০০৯ সালের পরবর্তী প্রতিটি চুক্তি পর্যালোচনা করা হবে এবং দেশের স্বার্থবিরোধী কোনো বিষয় থাকলে তা সমাধান করা হবে।

মন্ত্রী আশ্বাস দেন, দেশকে বৈশ্বিক অবস্থানে আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করতে পরিকল্পিত উদ্যোগ ও আন্তরিকতায় কাজ চালানো হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970