দাম কমল এলপি গ্যাসের
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৭ পিএম
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নতুন এ মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানিয়েছে, ঘোষণার সঙ্গে সঙ্গেই নতুন দাম কার্যকর হবে।
এর আগে চলতি মাসের ২ ফেব্রুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। সে সময় এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়ানো হয়। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৯ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা করা হয়।
এরও আগে জানুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে অটোগ্যাসের দাম ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা করা হয়।
বিইআরসি ঘোষিত নতুন মূল্য অনুযায়ী ১২.৫ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪১৩ টাকা, ১৫ কেজির ১ হাজার ৬৯৬ টাকা, ১৬ কেজির ১ হাজার ৮০৯ টাকা, ১৮ কেজির ২ হাজার ৩৫ টাকা, ২০ কেজির ২ হাজার ২৬০ টাকা, ২২ কেজির ২ হাজার ৪৮৭ টাকা, ২৫ কেজির ২ হাজার ৮২৬ টাকা, ৩০ কেজির ৩ হাজার ৩৯১ টাকা, ৩৩ কেজির ৩ হাজার ৭৩১ টাকা, ৩৫ কেজির ৩ হাজার ৯৫৬ টাকা এবং ৪৫ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৫ হাজার ৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে।