ডিসেম্বরে গভর্নর মোস্তাকুরের প্রতিষ্ঠানের ৮৯ কোটি টাকার ঋণ পুনঃতফসিল!
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫০ পিএম
গত ডিসেম্বরে মো. মোস্তাকুর রহমানের মালিকানাধীন রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘হেরা সোয়েটার্স লিমিটেড’-এর ৮৯ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে বেসরকারি খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
বুধবার সরকার তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ ঋণ পুনঃতফসিল নীতিমালার আওতায় গত বছরের ডিসেম্বরে ওই পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে দুই বছর কিস্তি স্থগিত রাখার সুযোগসহ ১০ বছর মেয়াদে ঋণ পরিশোধের সুবিধা দেওয়া হয়।
ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রাজনৈতিক অস্থিরতা, মুদ্রাবাজারের অস্থিরতা ও অর্থনৈতিক মন্দার কারণে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে এ ধরনের সুবিধা দেওয়া হয়ে থাকে।
প্রাপ্ত নথি অনুযায়ী, হেরা সোয়েটার্স দুই বছর কিস্তি স্থগিতসহ ১৫ বছর মেয়াদে ঋণ পুনঃতফসিল ও কম সুদের হার চেয়েছিল। তবে ব্যাংক ১০ বছর মেয়াদ অনুমোদন করে।
গত বছরের জানুয়ারিতে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ কারণে খেলাপি করপোরেট ঋণগ্রহীতাদের পুনঃতফসিলের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করে। পরে ১৬ সেপ্টেম্বর অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে সমন্বিত বিশেষ পুনঃতফসিল নীতিমালা জারি করা হয়।
গত বছরের প্রথম নয় মাসে প্রায় ৩০০টি কোম্পানি, যার মধ্যে বেশ কয়েকটি বড় খেলাপি প্রতিষ্ঠান রয়েছে, প্রায় দুই লাখ কোটি টাকার ঋণ পুনঃতফসিলের আবেদন করে।
উল্লেখ্য, হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাকুর রহমান চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন। তিনি আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হলেন।
এ নিয়োগ নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অন্তত তিনজন বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রশ্ন তুলেছেন। তাদের মতে, যিনি নিজের প্রতিষ্ঠানের জন্য বিশেষ শর্তে ঋণ পুনঃতফসিল সুবিধা নিয়েছেন, তার ক্ষেত্রে স্বার্থের সংঘাতের বিষয়টি বিবেচনায় আসতে পারে।
একজন ব্যবস্থাপনা পরিচালক বলেন, দেশের ইতিহাসে এই প্রথম কোনো ব্যবসায়ীকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হলো। এটি নীতিনির্ধারণে স্বার্থের সংঘাত তৈরি করতে পারে, যদিও এখনই চূড়ান্ত মন্তব্য করার সময় আসেনি।
মন্তব্যের জন্য মো. মোস্তাকুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।