সার কারখানার গ্যাসের দাম ১৬ টাকা থেকে বেড়ে ২৯ টাকা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম
সার কারখানায় ব্যবহৃত প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৬ টাকা থেকে বৃদ্ধি করে ২৯ টাকা ২৫ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম ডিসেম্বর থেকে কার্যকর হবে।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বিইআরসি সম্মেলন কক্ষে এই ঘোষণা দেন কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ।
এর আগে, গত ৬ অক্টোবর গণশুনানিতে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণকারী কোম্পানিগুলো প্রতি ইউনিট গ্যাসের দাম ১৬ টাকা থেকে ৪০ টাকা করার প্রস্তাব করেছিল। এরপর কমিশনের কারিগরি কমিটি পরামর্শ দিয়েছিল বর্তমান হারে দাম বজায় রাখার।
গণশুনানিতে জালাল আহমেদ উল্লেখ করেছিলেন, “গ্যাসের দাম নির্ধারণের ক্ষেত্রে সব দিক বিবেচনা করা হবে। দাম বৃদ্ধি পেলে সারের উৎপাদন খরচ ও কৃষির ওপর প্রভাব পড়বে। যদিও কৃষির জিডিপিতে অবদান কম, তবু খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান বিবেচনায় রাখতে হবে। এছাড়া এলএনজি আমদানি খরচকেও মাথায় রাখতে হবে।”