ডেঙ্গুর মৃত্যু মিছিলে আরও ৫ জন, হাসপাতালে ৭৯২
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৭:০৯ পিএম
দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ৩৪৭ জন এবং বাকি রোগীরা বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালের।
চলতি বছর এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩ হাজার ৮৫৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০ হাজার ২৪৩ জন। আর ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ৩৩১ জন।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক আতিকুর রহমান বলেন, “ডেঙ্গু এখন মৌসুমি নয়; সারা বছরই দেখা যাচ্ছে। বৃষ্টি শুরু হলে সংখ্যা দ্রুত বাড়ে। তাই মশা নিয়ন্ত্রণে নিয়মিত ওষুধ ব্যবহার এবং জনসচেতনতা বাড়ানো জরুরি।”
কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী মনে করেন, শুধু জেল-জরিমানা ও প্রচারণা বাড়িয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। প্রয়োজন সঠিক জরিপ, পর্যাপ্ত দক্ষ জনবল ও সমন্বিত পদক্ষেপ।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশে রেকর্ড ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন এবং মারা যান সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন।