তারেক রহমানের জন-আস্থা টলাতে পারছে না প্রতিপক্ষ: রিজভী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১০:৫০ পিএম
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, রাজনৈতিক প্রতিপক্ষ নানা অপপ্রচার চালালেও তারেক রহমানকে ঘিরে জনগণের যে আস্থা ও প্রত্যাশা তৈরি হয়েছে, তা নষ্ট করতে তারা ব্যর্থ হচ্ছে। তিনি দাবি করেন, নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তারেক রহমান।
সোমবার (১৮ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত ৮ দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
রিজভী বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ড চালুর প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান এবং সেগুলো বাস্তবায়নের জন্য কাজ চলছে। এছাড়া দেশের খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে খাল কাটা কর্মসূচিও চালু করেছেন তারেক রহমান। ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা।
রিজভীর ভাষ্য, অতীতে বিভিন্ন রাজনৈতিক দল জনগণকে নানা প্রতিশ্রুতি দিলেও সেগুলোর বাস্তবায়ন হয়নি। কিন্তু বিএনপি জনগণকে বাস্তবসম্মত প্রতিশ্রুতিই দিচ্ছে এবং তা বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে রিজভী বলেন, দেশের এক সংকটময় সময়ে তিনি নেতৃত্বে এসে রাজনৈতিক স্থিতিশীলতা, আইনের শাসন ও উন্নয়নের পথ তৈরি করেছিলেন। তার নেওয়া বিভিন্ন পদক্ষেপ আজও মানুষের মনে স্মরণীয় হয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি।