আজ জিয়ার কবর জিয়ারত ও স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ এএম

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এরই অংশ হিসেবে আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। পাশাপাশি জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।

এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এসব কর্মসূচির কথা জানান। একই সঙ্গে তিনি তারেক রহমানের আগামী শনিবারের (২৭ ডিসেম্বর) কর্মসূচির বিষয়েও অবহিত করেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এরপর তিনি ভোটার হওয়ার কার্যক্রমে অংশ নেবেন। এছাড়া জুলাই অভ্যুত্থানে আহতদের খোঁজখবর নিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (পঙ্গু হাসপাতাল) পরিদর্শনে যাবেন তিনি।

তবে তারেক রহমান নির্বাচন কমিশন নাকি থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হবেন—সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে জানান, তারেক রহমান কখন এবং কোথায় ভোটার হবেন, সে সংক্রান্ত কোনো তথ্য এখনো কমিশনের কাছে আসেনি।

উল্লেখ্য, আততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি ঢাকার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত। অন্যদিকে গণ-অভ্যুত্থানে আহত অনেকেই বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের খোঁজ নিতে সেখানে যাবেন তারেক রহমান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970