সাংবাদিকতা সত্য-ন্যায় থেকে সরে গেলে রাষ্ট্রের অন্য তিনটি অঙ্গও দুর্বল হয়ে যায়: জামায়াত আমির

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১১:১৩ পিএম

ছবি: সংগৃহীত

গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাংবাদিকতা যদি সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত হয়, তবে রাষ্ট্রের অন্য তিনটি অঙ্গও দুর্বল হয়ে পড়ে।

শনিবার সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, বিগত সরকারের আমলে অনেক সাংবাদিক নির্যাতন ও নানা ধরনের চাপের মুখে পড়েছেন। ফলে অনেক ক্ষেত্রে সত্য প্রকাশের পরিবেশ বাধাগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে সাংবাদিকরা যেন নির্ভয়ে সত্য তুলে ধরতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা জরুরি। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মধ্য দিয়েই গণতন্ত্র শক্তিশালী হয় এবং জনগণের অধিকার সুরক্ষিত থাকে।

সাংবাদিকদের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে জামায়াত আমির বলেন, গণমাধ্যমের স্বাধীন কণ্ঠ রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় পাশে থাকবে।

এ সময় তিনি আরও বলেন, দেশে আর কোনো ফ্যাসিবাদী শাসন ফিরে আসতে দেওয়া হবে না। সরকারি দল যদি সেই অবস্থানে দৃঢ় থাকে, আমরা তাদের পাশে থেকে শক্তি যোগাব। আর যদি তারা সেখান থেকে বিচ্যুত হয়, তাদের সঠিক পথে ফেরানোর চেষ্টা করব। প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুল ইসলাম মাসুদ। অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, আমাদের দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, বিএফইউজে, ডিইউজে, ক্র্যাবসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970