ঈদযাত্রায় ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া আদায়ে জামায়াতের উদ্বেগ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১০:৩৩ পিএম
ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশে ঘরমুখো মানুষের যাত্রায় চরম ভোগান্তি, অতিরিক্ত ভাড়া আদায় এবং সামগ্রিক অব্যবস্থাপনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ উদ্বেগের কথা জানান।
বিবৃতিতে তিনি বলেন, প্রতি বছর ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ নিজ নিজ গন্তব্যে ছুটে যান। তবে দুঃখজনকভাবে এবারের ঈদযাত্রায় যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়ক, রেল ও নৌপথে যানজট, টিকিট সংকট, নানা অনিয়ম এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
তিনি আরও বলেন, পরিবহন সংশ্লিষ্ট অসাধু চক্র এই সুযোগকে কাজে লাগিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে, যা অমানবিক ও অনৈতিক। এ ধরনের অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ জরুরি।
বিবৃতিতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী ভ্রমণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নিতে হবে। একইসঙ্গে টিকিট কালোবাজারি, অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী হয়রানি বন্ধে কঠোর নজরদারি জোরদার করার তাগিদ দেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করলে ঈদযাত্রায় মানুষের দুর্ভোগ কমবে এবং মানুষ নির্বিঘ্নে প্রিয়জনের কাছে পৌঁছাতে পারবে।