নীরবে জামিন পাচ্ছেন ‘ছোট সজ্জাদ’, স্থগিতাদেশ চায়নি রাষ্ট্র

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পুলিশের তালিকাভুক্ত সজ্জাদ হোসেন ওরফে ‘ছোট সজ্জাদ’ একের পর এক হত্যা মামলায় নীরবে জামিন পেয়েছেন। এসব জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ কোনো আপত্তি জানায়নি কিংবা স্থগিতাদেশও চায়নি- এমন তথ্য উঠে এসেছে সরকারের অভ্যন্তরীণ নথিতে।

নথি পর্যালোচনায় দেখা গেছে, সে সময় ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ উচ্চ আদালতের দেওয়া জামিন আদেশগুলো চ্যালেঞ্জ না করার সিদ্ধান্ত অনুমোদন করেন। প্রতিটি মামলার পাশে ‘নো অবজেকশন’ বা ‘না’ উল্লেখ থাকলেও এর পক্ষে কোনো ব্যতিক্রমী আইনি যুক্তি বা ব্যাখ্যা নথিতে নেই।

এ বিষয়ে বুধবার সকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ গণমাধ্যমকে বলেন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মামলা-সংক্রান্ত ফাইল আসে। অনেক সময় এসব ফাইলে মামলার পটভূমি, আসামির পরিচয় কিংবা অপরাধের ইতিহাসের বিস্তারিত তথ্য সংযুক্ত থাকে না।

তার দাবি, সে কারণেই সংশ্লিষ্ট হত্যা মামলাগুলোর জামিন আবেদনের সময় ‘নো অবজেকশন’ দেওয়া হয়েছিল। তিনি বলেন, তখন তিনি জানতেন না যে সাজ্জাদ হোসেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বা একাধিক হত্যা মামলার অভিযুক্ত। পরে গণমাধ্যমে বিষয়টি প্রকাশ ও বিস্তারিত তথ্য সামনে আসার পর তিনি নিজ উদ্যোগে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে জামিন আদেশগুলো স্থগিত করান।

হাইকোর্টের নথি অনুযায়ী, গত ১৫ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে ছোট সজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্না সাতটি হত্যা মামলায় জামিন পান। এর মধ্যে চারটি চান্দগাঁও থানায় এবং তিনটি পাঁচলাইশ মডেল থানায় দায়ের করা। মামলাগুলোর বেশির ভাগই ২০২৪ সালের জুলাই মাসের আন্দোলন ও চট্টগ্রামের বিভিন্ন সহিংস ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট।

চট্টগ্রাম মহানগর পুলিশের তথ্যমতে, ছোট সজ্জাদ বায়েজিদ, অক্সিজেন ও চান্দগাঁও এলাকায় হত্যা, চাঁদাবাজি ও সশস্ত্র অপরাধে জড়িত শীর্ষ সন্ত্রাসী। তিনি পলাতক আরেক শীর্ষ সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’-এর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং তার হয়ে চাঁদাবাজি ও গার্মেন্টস বর্জ্য বাণিজ্যের একটি অংশ নিয়ন্ত্রণ করতেন বলে তদন্তকারীরা জানিয়েছেন।

আদালত ও পুলিশ সূত্র জানায়, ছোট সজ্জাদের বিরুদ্ধে বর্তমানে ১৯টি মামলা রয়েছে, যার মধ্যে ১০টি হত্যা মামলা। তার স্ত্রী তামান্নার বিরুদ্ধেও আটটি মামলা রয়েছে, যার কয়েকটিতে হত্যা অভিযোগ অন্তর্ভুক্ত। বর্তমানে ছোট সজ্জাদ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এবং তামান্না ফেনী জেলা কারাগারে আটক রয়েছেন।

হাইকোর্টে জামিন আদেশ দেওয়া হলেও সেগুলো সেপ্টেম্বর-অক্টোবরে স্বাক্ষরিত হয়ে চট্টগ্রামের আদালত ও কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায় গত ৮ ডিসেম্বর, প্রায় আড়াই মাস পর। এ সময়ের মধ্যে স্থানীয় কৌঁসুলি, আইনশৃঙ্খলা বাহিনী কিংবা সাধারণ মানুষ এসব আদেশ সম্পর্কে অবগত ছিলেন না।

নথিতে আরও দেখা যায়, শুরুতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামিনের বিরোধিতা করে পরবর্তী করণীয় নির্ধারণে অভ্যন্তরীণ নোট পাঠিয়েছিলেন। সাধারণত গুরুতর ও আলোচিত হত্যা মামলায় এমন নোট বিশেষ পর্যালোচনার ইঙ্গিত দেয়। তবে এ ক্ষেত্রে মামলাগুলোকে ‘আর কোনো ব্যবস্থা নয়’ হিসেবে চিহ্নিত করা হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970