ভোলায় বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ, পার্থের অফিসে ভাঙচুর-গুলি

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:২১ পিএম

ছবি: সংগৃহীত

ভোলায় রাজাপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি সিফাত হত্যার বিচারের দাবিতে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো মিছিল করলে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় আন্দালিব রহমান পার্থের দল বিএনপির বিরোধী দল বিজেপির জেলা অফিসে ভাঙচুরের চেষ্টা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে, তবে কেউ আহত হননি।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে নতুন বাজার এলাকায় জেলা বিজেপি অফিসের সামনে এই ঘটনা ঘটেছে। জেলা বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বিকেলে সহস্রাধিক নেতাকর্মী জেলা কার্যালয় থেকে মিছিল শুরু করে শহর প্রদক্ষিণ করে। মিছিল বাংলাস্কুল মোড় হয়ে কালীবাড়ির চত্বর দিয়ে আবার দলীয় কার্যালয়ে ফেরার পথে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে।

পুলিশ জানায়, মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এসময় একদল দুর্বৃত্ত বিজেপি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে, অফিসে তালা ভাঙে এবং অফিস চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লা বলেন, দুপুরে তাদের অফিস বন্ধ ছিল। বিকেলে বিএনপির মিছিলের সময় একদল সন্ত্রাসী অফিসে ঢুকে আসবাবপত্র, টিভি ভাঙচুর করে ও নির্বাচনী লিফলেট রাস্তার উপর ফেলে দেয়।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক দাবি করেন, ছাত্রদল নেতা সিফাত হত্যার বিচারের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছিল, অফিস ভাঙচুরের ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মিছিল চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং একদল দুর্বৃত্ত বিজেপির অফিসে ভাঙচুরের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুড়তে বাধ্য হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970