পুলিশ স্বামীর পোশাকে স্ত্রীর টিকটক ভিডিও ভাইরাল, কনস্টেবল প্রত্যাহার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ১০:২৫ পিএম
রাজশাহীতে পুলিশের ইউনিফর্ম পরে এক নারীর টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট কনস্টেবল মো. সাইফুজ্জামানকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরহাদ আলী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার ড. মো. জিল্লুর রহমান এ প্রত্যাহার আদেশ দেন।
কনস্টেবল সাইফুজ্জামান কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন। অভিযোগ রয়েছে, তার স্ত্রী সিমা খাতুন পুলিশের ইউনিফর্ম পরে টিকটকে ভিডিও ধারণ করে নিয়মিত প্রকাশ করতেন, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ওসি ফরহাদ আলী জানান, বৃহস্পতিবার বিষয়টি জানার পর তিনি নিজে ওই বাসায় গিয়ে যাচাই করেন। প্রাথমিকভাবে জানা যায়, সাইফুজ্জামান প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সিমা খাতুনকে দ্বিতীয়বার বিয়ে করেছেন। তবে তাৎক্ষণিকভাবে কাবিননামার কাগজপত্র পাওয়া যায়নি।
ঘটনার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে একই দিন কনস্টেবল সাইফুজ্জামানকে থানা থেকে প্রত্যাহার করে আরএমপির পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, পুলিশের পোশাক কোনোভাবেই পরিবারের সদস্য বা অন্য কেউ ব্যবহার করতে পারেন না। এটি আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সিমা খাতুনের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের ইউনিফর্ম পরে ভিডিও তৈরি করে টিকটকে প্রকাশ করছিলেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।