কুড়িগ্রামে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কসহ ৬ জন আটক

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ০৪:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাধু উপায়ে উত্তর সংগ্রহের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে নাগেশ্বরী উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাসা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, পরীক্ষা চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে ডিভাইসসহ ছয়জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি আসন্ন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। আটক অপর পাঁচজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লা হিল জামান জানান, পরীক্ষা কেন্দ্রের নিকটবর্তী একটি বাসায় অসাধু উপায়ে প্রশ্ন বা উত্তর সংগ্রহের সময় ডিভাইসসহ ছয়জনকে আটক করা হয়েছে। অভিযান চলমান রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার পর সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরীক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

এ ঘটনায় স্থানীয় এলাকাজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970