রৌমারী মুক্তাঞ্চলের ইতিহাস সংরক্ষণে নতুন উদ্যোগ
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৮:২০ পিএম
যাত্রা শুরু করলো ‘রৌমারী মুক্তাঞ্চল গবেষণা কেন্দ্র ও জাদুঘর’ এর ভার্চুয়াল মিউজিয়াম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে রৌমারী মুক্তাঞ্চল একটি গৌরবোজ্জ্বল ও তাৎপর্যপূর্ণ অধ্যায়। ১৯৭১ সালে এই অঞ্চলটি ছিল মুক্তিকামী মানুষের এক শক্তিশালী ঘাঁটি, যেখানে স্থানীয় জনগণ, মুক্তিযোদ্ধা এবং কমান্ডো বাহিনী সম্মিলিতভাবে সংগঠিত হয়ে স্বাধীনতার সংগ্রামকে এগিয়ে নিয়ে গিয়েছিল। রৌমারী শুধু একটি সামরিক কৌশলগত কেন্দ্রই ছিল না, এটি ছিল বাঙালির অবিচল দৃঢ়চেতনা, আত্মত্যাগ ও মুক্তির আকাঙ্ক্ষার জীবন্ত প্রতীক।
এই ঐতিহাসিক গুরুত্বকে সংরক্ষণ, গবেষণা ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে যাত্রা শুরু করেছে “রৌমারী মুক্তাঞ্চল গবেষণা কেন্দ্র ও জাদুঘর”। ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট [www.rmrcm.info-এর](http://www.rmrcm.info-এর) মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে, এমনকি ঘরে বসেই, মুক্তিযুদ্ধ-সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও দলিল দেখার সুযোগ তৈরি হয়েছে।
এই গবেষণা কেন্দ্র ও জাদুঘরের মাধ্যমে—
* রৌমারী মুক্তাঞ্চল সম্পর্কিত ইতিহাস, দলিল, স্মৃতিচারণ ও প্রত্যক্ষ সাক্ষীদের তথ্য সংরক্ষণ করা হবে।
* গবেষণা কেন্দ্র হিসেবে মুক্তিযুদ্ধের ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে গবেষণামূলক লেখা ও প্রকাশনা তৈরি করা হবে।
* একটি ভার্চুয়াল মিউজিয়াম হিসেবে ঐতিহাসিক ছবি, দলিল, ভিডিও এবং ব্যক্তিগত স্মৃতিচারণ ডিজিটালভাবে উপস্থাপন করা হবে।
* তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক কনটেন্ট তৈরি করে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সচেতনতা ও আগ্রহ বৃদ্ধি করা হবে।
বর্তমানে ওয়েবসাইটটির মাধ্যমে মুক্তিযুদ্ধ-সম্পর্কিত ডিজিটাল গ্যালারি এবং রৌমারী মুক্তাঞ্চলের বিস্তারিত ইতিহাস ও বিশ্লেষণ উন্মুক্ত রয়েছে। পর্যায়ক্রমে এতে প্রত্যক্ষদর্শীদের স্মৃতি, দলিলভিত্তিক তথ্য ও আরও গবেষণালব্ধ উপকরণ সংযুক্ত করা হবে।
রৌমারী মুক্তাঞ্চল গবেষণা কেন্দ্র ও জাদুঘর বিশ্বাস করে—মুক্তিযুদ্ধের ইতিহাস শুধু স্মরণ করার বিষয় নয়, বরং তা গবেষণা, চর্চা ও প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব। এই ক্ষুদ্র প্রয়াস সেই বৃহৎ দায়িত্ব পালনেরই একটি ধাপ।