নির্বাচন সামনে রেখে অস্ত্র কেনা-মজুতের আলোচনা, বিএনপি নেতাকর্মীর ভিডিও ভাইরাল

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১১:১৪ এএম

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র কেনা ও মজুতের বিষয়ে সোনারগাঁয়ের বিএনপি নেতাকর্মীদের আলোচনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নারায়ণগঞ্জ জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি বজলুর রহমান ও তাঁর কয়েকজন অনুসারীকে একসঙ্গে বসে এসব বিষয়ে আলোচনা করতে দেখা যায়। স্থানীয় একটি রেস্তোরাঁয় খাবারের সময় তাদের একজন নির্বাচন সামনে রেখে সোনারগাঁ এলাকায় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র মজুত করা হচ্ছে বলে মন্তব্য করেন। এ সময় আরেকজনকে বজলুর রহমানের কানে কানে বলতে শোনা যায়, নির্বাচনের জন্য আরও দুটি অস্ত্র প্রয়োজন।

স্থানীয় সূত্র জানায়, বজলুর রহমান নারায়ণগঞ্জ-৩ ও ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিনের পক্ষে প্রচারণায় সক্রিয় রয়েছেন। তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরাও ওই প্রার্থীর পক্ষে কাজ করছেন বলে জানা গেছে। তবে ভিডিওটি নিয়ে মন্তব্য জানতে বজলুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। খুদে বার্তায়ও কোনো সাড়া মেলেনি।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ভিডিওতে থাকা বজলুর রহমান বিএনপি প্রার্থী মান্নানের ঘনিষ্ঠ ব্যক্তি এবং তাঁর কমিটির সদস্য। তাঁর নামে যেসব বক্তব্য ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ অপপ্রচার বলে দাবি করেন তিনি।

এদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব জানান, ভিডিওটি এখনো তাঁর নজরে আসেনি। তবে অস্ত্র কেনা বা মজুতের সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিললে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ বলেন, অস্ত্র সংক্রান্ত আলোচনার ভিডিও সম্পর্কে তারা অবগত। বিষয়টি খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে। একই কথা জানিয়ে র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ভিডিওটি তদন্তের আওতায় রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970