ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতা অস্ত্রসহ আটক
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০১:০৬ পিএম
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতা মাহবুবুর রহমান সজিবকে অবৈধ অস্ত্রসহ আটক করা হয়েছে। তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।
বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার হেফাজত থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ম্যাগাজিনে লোড করা দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের আওতাধীন বোয়ালমারী আর্মি ক্যাম্পের নেতৃত্বে স্থানীয় প্রশাসনের সমন্বয়ে যৌথবাহিনী এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দ্রুততার সঙ্গে তাকে আটক করা হয় এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যৌথবাহিনীর অভিযানে অবৈধ পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অবৈধ অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।