চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত নেতাকে সভাপতি পদে দলে ফেরাল বিএনপি
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১০:৫৪ পিএম
চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৪ নম্বর নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন ভূঁইয়াকে পুনরায় দলে ফিরিয়েছে বিএনপি। একই সঙ্গে তাকে তার আগের পদে পুনর্বহাল করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে.এম সলিম উল্যা সেলিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে মো. আনোয়ার হোসেন ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহারের নির্দেশনা পাওয়া গেছে। পাশাপাশি তাকে স্ব-পদে বহাল রাখার মৌখিক নির্দেশও দেওয়া হয়েছে। সে অনুযায়ী তাকে পুনরায় নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে বহাল করা হয়েছে।
দলে ফেরার প্রতিক্রিয়ায় মো. আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, তিনি ছাত্রদল ও যুবদল হয়ে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তার রক্তে বিএনপি মিশে আছে এবং তিনি দলের আদর্শে বিশ্বাসী। বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
তিনি আরও বলেন, আগামী দিনে দলকে আরও শক্তিশালী করতে মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করবেন।
এর আগে গত ৩০ জুলাই বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে চাঁদাবাজি, দখলদারি ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. আনোয়ার হোসেন ভূঁইয়াকে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়। ওই সময় একই অভিযোগে বিএনপির আরও দুই নেতাকেও বহিষ্কার করা হয়েছিল।
এ ছাড়া গরু ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের তথ্যও রয়েছে। একই মামলায় বিএনপি নেতা আব্দুল মান্নান লস্কর বর্তমানে কারাগারে রয়েছেন বলে জানা গেছে।