দিনাজপুর-৬ আসনে বিএনপির প্রার্থী ডা. জাহিদ হোসেনের প্রচারণায় মানবিক স্পর্শ

নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৫ এএম

ছবি: মনোযোগ প্রকাশ

দিনাজপুর-৬ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে রাজনৈতিক মাঠ। নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট- এই চার উপজেলা নিয়ে গঠিত আসনে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। এ প্রচারণার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলীয় মনোনীত প্রার্থী, জাতীয় পর্যায়ের মানবিক চিকিৎসক নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন। পিতৃভূমির স্মৃতিবিজড়িত মাটিতে দাঁড়িয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে তিনি ভোট প্রার্থনা করছেন।

প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে চলছেন তিনি। কখনও হেঁটে, কখনও মোটরসাইকেলে চড়ে পৌঁছে যাচ্ছেন প্রত্যন্ত জনপদে। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন, হাসিমুখে কথা বলছেন। সাধারণ মানুষের সমস্যা মনোযোগ দিয়ে শুনছেন এবং সেগুলোর সম্ভাব্য সমাধান নিয়ে কথা বলছেন। তাঁর সহজ-সরল আচরণ ও মানবিক মনোভাব অনেকের মন জয় করেছে।

দিনাজপুর-৬ আসনে রয়েছে তিনটি পৌরসভা ও ২৩টি ইউনিয়ন। মোট ভোটকেন্দ্র ১৯৯টি। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ৬৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭৮ হাজার ৫৩ জন, নারী ভোটার ২ লাখ ৭৯ হাজার ৬২৭ জন এবং ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন ১৩ জন। এই আসনে বিএনপির প্রার্থী ছাড়াও জামায়াতে ইসলামীর মো. আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির মো. রেজাউল হক, ইসলামী আন্দোলনের মো. নুর আলম সিদ্দিক, বাসদের মো. আব্দুল হাকিমসহ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।

এই আসনের নির্বাচনী ইতিহাসে দেখা যায়, স্বাধীনতার পর ১৯৯৬ সালে একবার স্বল্প সময়ের জন্য বিএনপির প্রার্থী মো. আতিউর রহমান এমপি নির্বাচিত হন। ১৯৯১ সালে জয়ী হন জামায়াতে ইসলামীর আজিজুর রহমান চৌধুরী। ১৯৯৬ সালে আওয়ামী লীগের মো. মোস্তাফিজুর রহমান ফিজু, ২০০১ সালে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে আবারও জামায়াতের আজিজুর রহমান চৌধুরী জয়ী হন। ২০০৮ সালে আওয়ামী লীগের আজিজুল হক চৌধুরী বিজয়ী হন। এরপর সর্বশেষ টানা তিন মেয়াদে এমপি ছিলেন আওয়ামী লীগের শিবলী সাদিক।

এবার এই আসনে নতুন ইতিহাস গড়তে চান প্রথমবারের মতো বিএনপির মনোনয়ন পাওয়া ডা. এ জেড এম জাহিদ হোসেন। প্রচারণার শুরুতেই তিনি তাঁর স্বভাবসুলভ মানবিক আচরণে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। গ্রামবাংলার প্রবীণদের সালাম দিয়ে কুশল জিজ্ঞেস করছেন, যুবকদের সঙ্গে কথা বলছেন, সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর কথাও মনোযোগ দিয়ে শুনছেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, তাঁর পিতৃভূমি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের মতিহারা গ্রাম। পিতৃভূমির মানুষের সেবা করাই তাঁর জীবনের অন্যতম লক্ষ্য। একজন মানুষ ও একজন চিকিৎসক হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই তাঁর নৈতিক দায়িত্ব বলে তিনি বিশ্বাস করেন। সে বিশ্বাস থেকেই তিনি বিনয়ের সঙ্গে ভোটারদের সমর্থন ও ভোট প্রার্থনা করছেন।

স্থানীয়দের মতে, নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট—এই চারটি উপজেলা তুলনামূলকভাবে দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। এই অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজন একজন মেধাবী, দক্ষ ও জাতীয় পর্যায়ের শক্তিশালী নেতৃত্ব। ডা. এ জেড এম জাহিদ হোসেন সেই যোগ্য নেতৃত্ব দিতে পারবেন বলে আশা করছেন ভোটাররা। তাদের বিশ্বাস, তিনি নির্বাচিত হলে দিনাজপুর-৬ আসনের কাঙ্ক্ষিত উন্নয়ন সত্যিকার অর্থেই ত্বরান্বিত হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970