৭৪ লাখ টাকাসহ আটক হওয়া সেই জামায়াত নেতার হার্ট অ্যাটাক, সিসিইউতে ভর্তি
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৬ পিএম
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের হৃদরোগ বিভাগের সিসিইউ-১-এ চিকিৎসাধীন রয়েছেন।
ওসি ওসি রেজাউল আলম রেজা জানিয়েছেন, বুধবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে বেলাল উদ্দিন ও তার সঙ্গে থাকা জেলা জামায়াতের দফতর সম্পাদক আবদুল মান্নানকে তল্লাশি করা হয়। বেলাল উদ্দিনের ব্যাগে প্রাথমিকভাবে প্রায় ৫০ লাখ টাকা পাওয়া যায়। পরে বিস্তারিত হিসাব করে দেখা যায়, ব্যাগে মোট ৭৪ লাখ টাকা ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন জানিয়েছেন, ব্যবসায়িক কাজে তিনি টাকা নিয়ে যাচ্ছিলেন। তিনি গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত এবং এ বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী যাচাই করছে।
বেলাল উদ্দিন তল্লাশির সময় অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক ডা. আজহারুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে তিনি হার্ট অ্যাটাকের উপসর্গে অসুস্থ হয়েছেন। তার ব্লাড প্রেসার বেড়ে যাওয়ায় হার্টের বিট কম-বাড়া করছে। বর্তমানে তার ইসিজি, ইকো এবং ব্লাড টেস্ট করা হচ্ছে এবং পর্যবেক্ষণ চলছে।
জমায়াতের স্থানীয় নেতা কেএম আনোয়ারুল হক কাজল বলেন, বেলাল উদ্দিন বয়োবৃদ্ধ, আগে থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত। সিসিইউতে ভর্তি করা হয়েছে তার স্বাস্থ্যের কারণে, কোনো রাজনৈতিক কারণে নয়।
বেলাল উদ্দিন ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক।