এ্যানি চৌধুরীর নির্বাচনী গাড়ি থেকে ৮০ লাখ টাকা উদ্ধার, আটক ২
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৯ পিএম
নির্বাচনকে ঘিরে চলমান নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে এ্যানি চৌধুরীর নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
বুধবার রাতে নগরীর একটি সড়কে তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামানো হয়। গাড়িটিতে সংশ্লিষ্ট প্রার্থীর নির্বাচনী পোস্টার ও প্রচারসামগ্রী ছিল বলে জানা গেছে। পরে তল্লাশির একপর্যায়ে গাড়ি থেকে নগদ ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আটক দুই ব্যক্তির কাছ থেকে টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।
তবে এ্যানি চৌধুরীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, উদ্ধার হওয়া অর্থ নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য বহন করা হচ্ছিল। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে তারা প্রস্তুত রয়েছেন বলেও জানানো হয়।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, টাকার উৎস ও উদ্দেশ্য যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।