ভোট পুনঃগণনার দাবিতে ডিসি অফিস ঘেরাও করে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৩ পিএম
পাবনা-৩ ও পাবনা-৪ আসনে ভোট পুনঃগণনার দাবিতে বিএনপির নেতাকর্মীরা শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় পাবনা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে অবস্থান বিক্ষোভ চালান।
এসময় তারা ‘অবৈধ নির্বাচন মানি না, মানবো না’, ‘ভোট গণনা বাতিল চাই, করতে হবে’ সহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভের মধ্যে জেলা প্রশাসক কার্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধান গেট বন্ধ রাখা হয়েছে এবং পুলিশ, বিজিবি ও অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।
পাবনা-৪ আসনে বিজয়ী হয়েছেন আবু তালেব মন্ডল, যিনি ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৭৪ ভোট। ভোট ব্যবধান ছিল ৩ হাজার ৮০১।
পাবনা-৩ আসনে বিজয়ী হয়েছেন মাওলানা আলী আজগার, যিনি ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট পেয়েছেন। বিএনপির প্রার্থী হাসান জাফির তুহিন পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট। ভোট ব্যবধান ছিল ৩ হাজার ২৬৯।