প্রতিমা বিসর্জনে রাজধানীতে বাড়তি নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১২:২৪ পিএম
দুর্গাপূজার প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বুধবার বিকেলে বনানীর একটি পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ডিএমপি কমিশনার বলেন, “যেসব স্থানে প্রতিমা বিসর্জন হবে, সেসব জায়গায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অধিকসংখ্যক পুলিশ সদস্য ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তা সেখানে দায়িত্ব পালন করবেন।”
তিনি নগরবাসীর প্রতি সতর্কবার্তা দিয়ে বলেন, “যারা সাঁতার জানেন না, তাদের নৌকায় না ওঠাই উত্তম। আর যারা সাঁতার জানেন তারাও যেন লাইফ জ্যাকেট পরে নৌকায় ওঠেন। এতে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।”
ঢাকায় এ বছর ২৫৪টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হচ্ছে উল্লেখ করে পুলিশ কমিশনার জানান, “আজ নবমী, আগামীকাল প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে রাজধানীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এক মাস ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর ও ডিএমপি সদর দপ্তরের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। এর ফলে নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজার আয়োজন সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, বাংলাদেশে শত শত বছর ধরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায় মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি যেন বিনষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।