শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে হাদি হত্যার বিচার চাইলেন বোন মাসুমা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৩ পিএম
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে পদযাত্রা, শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ শরীফ ওসমান বিন হাদি–এর বোন মাসুমা হাদি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচার দাবী করেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসা প্রাঙ্গণে মাসুমা হাদির নেতৃত্বে তরুণরা জড়ো হন। পরে পদযাত্রা শুরু হয়ে শহরের বাসস্ট্যান্ড হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে শ্রদ্ধা নিবেদন করা হয়। অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা, প্ল্যাকার্ড ও ওসমান হাদির ছবি হাতে নিয়ে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গেয়ে এগিয়ে যান।
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভাষা আন্দোলনের শহীদদের পাশাপাশি দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
মাসুমা হাদি বলেন, “একুশ আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করতে। আমার ভাই শরীফ ওসমান হাদি সবসময় ইনসাফের কথা বলত। আজ আমরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একই সঙ্গে তার হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করছি। আমার ভাই ক্ষমতার রাজনীতি করতে চায়নি; তার লক্ষ্য ছিল ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কার, দুর্নীতিমুক্ত প্রশাসন ও মানুষের অধিকার নিশ্চিত করা।”
শরীফ ওসমান বিন হাদি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় জাতীয় অঙ্গনে পরিচিতি পান। শিক্ষা ও রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে তরুণদের আন্দোলনে সক্রিয় ভূমিকা নেন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেন। ১২ ডিসেম্বর নির্বাচনী গণসংযোগের সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিপুল মানুষের উপস্থিতিতে তাকে শেষ বিদায় জানানো হয়।