নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৪
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৭ এএম
নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার ভোরে বড়কুলা গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
নিহতদের মধ্যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় আরও একজনকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নিহতরা হলেন—খলিল (৬০), তাহাজ্জত (৩০), অসি (৩০) ও ফেরদৌস (৪০)। তারা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার ভোরে সংঘর্ষ বাধে, যা একপর্যায়ে প্রাণঘাতী রূপ নেয়।
তিনি আরও জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সংঘর্ষের সঠিক কারণ ও পেছনের ঘটনা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।