জামিন পাওয়া আওয়ামী লীগ নেতার বাসায় মিষ্টি নিয়ে গেলেন বিএনপি নেতা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৮ পিএম
কুমিল্লার বুড়িচং উপজেলায় জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতার বাসায় মিষ্টি ও ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে গেছেন এক বিএনপি নেতা। বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার কুমিল্লা কারাগার থেকে জামিনে মুক্তি পান। পরে তার বাসায় যান উপজেলা বিএনপির আপ্যায়ন বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ। এ সময় তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে।
এদিকে গুঞ্জন রয়েছে, সাবেক আওয়ামী লীগ নেতা সোহেল আহমেদ সুবিধা নেওয়ার উদ্দেশ্যে বিএনপিতে যোগ দেন। তবে বিএনপিতে যুক্ত হলেও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে স্থানীয়দের দাবি।
বুড়িচং উপজেলা ছাত্রলীগের নেতা তোফায়েল আহমেদ সুমন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার জামিনে মুক্তি পেয়েছেন। তার সঙ্গে বিএনপি নেতা সোহেল আহমেদের উপস্থিতির বিষয়টিও তিনি উল্লেখ করেন এবং তাদের ঘনিষ্ঠতার ইঙ্গিত দেন।
এ বিষয়ে জানতে চাইলে সোহেল আহমেদ বলেন, কারও বাসায় যাওয়া অন্যায় নয়। তার ভাষ্য, আওয়ামী লীগ ও বিএনপি—দুই দলই তার কাছে সমান।
বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতির সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।