সিলেটে কলেজছাত্রীর পথ রোধ করে ছিনতাইয়ের চেষ্টা, সিসিটিভি ফুটেজ ভাইরাল

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৭:২৯ পিএম

ছবি: সংগৃহীত

সিলেট নগরীতে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই ধরনের ঘটনার অভিযোগ উঠেছে। এবার নগরীর সাগরদিঘির পাড় এলাকায় এক কলেজছাত্রীর পথ রোধ করে ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, নিরিবিলি একটি সড়ক দিয়ে এক তরুণী হেঁটে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি তার পথরোধ করেন। তাদের একজনের হাতে ধারালো অস্ত্র ছিল, যা দিয়ে ওই তরুণীকে ভয় দেখানো হয়। অপর ব্যক্তি তার সঙ্গে থাকা ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

তরুণী বাধা দিলে অস্ত্রধারী ব্যক্তি অস্ত্রের উল্টো দিক দিয়ে তাকে কয়েকবার আঘাত করেন। তবে আশপাশে লোকজনের উপস্থিতি টের পেয়ে দুই দুর্বৃত্ত দ্রুত মোটরসাইকেলে করে এলাকা ত্যাগ করে। ভিডিওতে দেখা যায়, তারা ওই তরুণীর কাছ থেকে কোনো কিছু নিতে পারেনি। ব্যবহৃত মোটরসাইকেলের নম্বরও স্পষ্টভাবে বোঝা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সকাল সাড়ে আটটার দিকে সাগরদিঘির পাড় এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে বের হলে পথেই এ ঘটনা ঘটে। তবে পরিবারের সদস্যরা এ ঘটনায় লিখিত অভিযোগ করতে আগ্রহ দেখাননি।

এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যেহেতু কোনো কিছু ছিনতাই হয়নি, তাই ওই তরুণী ও তার পরিবার অভিযোগ করতে চাননি। তবুও বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন ছিনতাইকারী জড়িত ছিল এবং তারা অটোরিকশায় থাকা নারীর ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970