যশোরে চলন্তযাত্রীবাহী বাসে আগুন
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৭:১৬ পিএম
যশোর সদর উপজেলার ফতেপুর এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল এক্সপ্রেসের একটি বাস যশোরের মনিহার এলাকা থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ফতেপুর এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটির ইঞ্জিনে আগুন ধরে যায়।
এ সময় বিকট শব্দে বাসটি থেমে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ার আগেই সবাই দ্রুত নেমে যেতে সক্ষম হন, ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল ইসলাম জানান, বাসটির যান্ত্রিক ত্রুটির বিষয়টি চালক আগেই কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। কিন্তু মালিকপক্ষের চাপের কারণে তাকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করতে হয়। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মালিকপক্ষের অবহেলা বা ফিটনেসজনিত ত্রুটির প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।